কেন্দুয়ায় যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সাদ্দাম আলম ভূইয়া তন্ময় (২৮) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, ঘটনার পর থেকে তিনি পুরোপুরি সুস্থভাবে জ্ঞান ফিরে পাননি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার দিকে কেন্দুয়া থেকে পিজাহাতি গ্রামের বাড়িতে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি তন্ময়কে পেছন থেকে ঝাপটে ধরে। একপর্যায়ে তাকে কোনো ধরনের চেতনানাশক পদার্থ প্রয়োগ করে পলিথিন দিয়ে মাথা ঢেকে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা বিএনপি নেতা ও মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূঁইয়া।
জহুরুল আলম ভূঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, ধস্তাধস্তির একপর্যায়ে পলিথিন ছিঁড়ে গেলে তন্ময় ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় এক পথচারীর হাতে থাকা টর্চের আলো দেখতে পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তিনি জানান।
পরে স্থানীয়রা তন্ময়কে অচেতন অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। স্বজনদের দাবি, শেষরাতের দিকে তার আংশিক জ্ঞান ফিরলেও ঘটনার কিছু অংশ বলার পর আবার অচেতন হয়ে পড়েন।
সাদ্দাম আলম ভূইয়া তন্ময় কেন্দুয়া উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছেন তন্ময়ের বাবা জহুরুল আলম ভূঁইয়া। তবে হামলার সঙ্গে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কোনো চেতনানাশক পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তন্ময়ের বাবার সঙ্গেও কথা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দুর্জয় বাংলা