শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ

প্রকাশিত: ২২:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ

শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সঙ্গে বাড়ি থেকে বের হওয়া বাদশা মিয়া (২১) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকায় হাশেম হাজির পুকুরে কালু মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে মাছ ধরার কথা বলে বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন কালু মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

সোমবার সকালে নলিয়ারপাড় এলাকার একটি পুকুরে কালুর মরদেহ ভাসছে—এমন খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালু মিয়ার মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনাজনিত নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কেন্দুয়ায় যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি

মোহাম্মদ দুদু মল্লিক

সম্পর্কিত বিষয়:


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871