চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে
বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বাঁধা অবস্থায় দেখে রুটি ও চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে। পরে নিজ হাতে বাবাকে খাবার খাওয়ানোর হৃদয়স্পর্শী দৃশ্য উপস্থিত মানুষের আবেগাপ্লুত করে তোলে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার বামরাইল বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে **অনিক সরদার** নামে এক যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
পরদিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
বাবা-মেয়ের এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে নিজের হাতে রুটি তুলে দিতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।”
আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা ও ভালোবাসা দেখা গেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
আরও পড়ুন: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ