নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। পরে ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ নাজু আক্তারের নিখোঁজের বিষয়টি তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে পুলিশ তার স্বামী নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় নুরুল আমীন নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠের একটি স্থান শনাক্ত করা হয়। সেখানে মাটি খুঁড়ে নাজু আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহবিচ্ছেদ হয়েছিল। ওই ঘটনার ক্ষোভ থেকে নাজু আক্তারকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন পুলিশকে জানিয়েছেন। নাজু আক্তার ছিলেন নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নিরাপদ খাবার কোথায়? ভোক্তার জীবন নিয়ে এমন ছিনিমিনি আর কতদিন-জাহাঙ্গীর আলম
এ কে এম আব্দুল্লাহ