কেন্দুয়ায় মাংসের দোকানে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ ও মাংস বিক্রিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিধিবহির্ভূত ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দুয়া পৌর প্রশাসক সানজিদা চৌধুরী।
অভিযানকালে মাংস সংরক্ষণ ও বিক্রির পরিবেশ, স্বাস্থ্যবিধি এবং সংশ্লিষ্ট নিয়মকানুন পরিদর্শন করা হয়। এ সময় বিধিবহির্ভূতভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাংস ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রির জন্য সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারী অধিকার আন্দোলনের অগ্রপথিক বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম