কেন্দুয়ায় টয়লেটের ময়লাপানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া মোড় এলাকায় টয়লেটের ময়লা ও পানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চিথোলিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিথোলিয়া মোড় এলাকার শফিক ডাক্তার গং ও অন্যত্র থেকে আসা সালাম গংয়ের মধ্যে টয়লেটের ময়লা ও পানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় ও তাদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
আরও পড়ুন: বিজিবির অভিযানে ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
দুর্জয় বাংলা