কেন্দুয়ায় বসতঘরের মাটি খুঁড়ে মিলল ১৯০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন রামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার একটি পুলিশ দল রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় নয়ন মিয়াকে আটক করা হয়। তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের মাটির নিচে পুঁতে রাখা ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মোছা. কুলসুম আক্তারের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নয়ন মিয়া পেশায় একজন প্রাইভেটকার চালক। তবে দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুর্জয় বাংলা