কেন্দুয়ায় কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন বয়সী শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিভিন্ন ছবি আঁকে।
পাঠাগারের সভাপতি আলা উদ্দিন জানান, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরা এবং শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে ছবি আঁকে। তাদের হাতে রং-তুলির মাধ্যমে ফুটে ওঠে বিদ্রোহী কবির বিভিন্ন ভাবনা ও বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসার প্রতিচ্ছবি।
পাঠাগারের কোষাধ্যক্ষ সোহেল রানা জানান, পাঠাগারটি শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশু-কিশোরদের সৃজনশীল ও মননশীল বিকাশে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করবে।
পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ সম্পর্কে জানতে আগ্রহী হবে এবং তাঁর সাহিত্য ও দর্শনকে নিজেদের জীবনে ধারণ করবে।
‘নজরুলের চেতনায় জাগুক তারুণ্য, গড়ে উঠুক মানবিক সমাজ’—এই প্রত্যয় নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগারের আয়োজকরা।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার একটি আলোর ঘর
দুর্জয় বাংলা